
আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ আমাদের সুযোগ দিলে শাসন হবে জনগণের শাসন। এজন্য চিৎকার দিয়ে বলছি, জামায়াত ক্ষমতায় গেলে পরিবারতন্ত্র রাজনীতি থাকবে না। আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই। ১৮ কোটি মানুষ মুক্ত হলে আমরাও মুক্ত। ১৮ কোটি মানুষ যদি দালাল হতে বিপজ্জনক পজিশনে যায়, আমরাও বিপজ্জনক পজিশনে পড়ে যাব। তাই ১২ তারিখ প্রথম সিলটি পড়বে হ্যাঁ ভোটে। হ্যাঁ অর্থ আজাদি, না অর্থ গোলামি।
আপনারাই বলুন গোলামি না আজাদি।
হ্যাঁ ভোট বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে। হ্যাঁ ভোট হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে, যোগ করেন আমির।
তিনি বলেন, আল্লাহ সুযোগ দিলে দীনের নির্দেশনায় দেশ চালানো হবে।
মুসলমানদের মধ্যেও অনেক মতামত আছে। অনেক কিছু মেলে না। তবে সুযোগ পেলে সবাইকে নিয়ে বসে কমন বোর্ড করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাই আমি ১২ তারিখ ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়ানোর জন্য সাতক্ষীরাবাসীকে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি।
ডা. শফিক বলেন, বিগত সময়ে সাতক্ষীরার সঙ্গে সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে। সাতক্ষীরার চারটি আসন ন্যায়, ইনসাফ, জনগণের সরকার ও মদিনার শাসন আমলের সুশাসন কায়েম করার জন্য আপনারা যদি আমাদের উপহার দেন তাহলে আপনাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করবো। এ ঋণ পরিশোধ করার জন্য পুরো সময় জুড়ে আমরা চেষ্টা করবো। আপনাদের সঙ্গে আলোচনা করে আপনাদের সমস্যাগুলো সমাধান করবো। ওপর থেকে কিছুই চাপিয়ে দেওয়া হবে না। এ টুকু আমরা নিশ্চয়তা দিতে পারি, আল্লাহ যদি তার মেহেরবানিতে আপনাদের ভোটে সরকার গঠনের সুযোগ আমাদের দেন, তাহলে কোনো শিক্ষিত চোরের হাত আপনাদের কোনো অংশ খেয়ে ফেলতে পারবে না।
Leave a Reply