ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে দেবহাটার রাহা


বিশেষ প্রতিনিধি::  সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত করল সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বহেরা গ্রামের কৃতি শিক্ষার্থী রুবাইয়াত রাহা। সাম্প্রতিক প্রকাশিত ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫’-এর ফলাফলে সে গৌরবজনক ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) বৃত্তি লাভ করেছে।

রুবাইয়াত রাহা দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার এই কৃতিত্বপূর্ণ ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।

রাহা দেবহাটা উপজেলার বহেরা গ্রামের এক সচেতন ও শিক্ষিত পরিবারের একমাত্র সন্তান। তার বাবা রাসেল আহমেদ একজন নিবেদিতপ্রাণ উন্নয়ন কর্মী এবং মা সুবর্ণা চক্রবর্তী পেশায় একজন শিক্ষিকা। পরিবারের সুন্দর পরিবেশ এবং বাবা-মায়ের সঠিক দিকনির্দেশনাই রাহার এই সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মেধাবী এই শিক্ষার্থীর স্বপ্ন আকাশছোঁয়া। বড় হয়ে সে একজন আদর্শ সেনা কর্মকর্তা হতে চায়। দেশ ও দশের সেবায় নিজেকে উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে সে।

রাহার এই সাফল্যে তার বাবা-মা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন: “আমাদের মেয়ের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। সে যেন ভবিষ্যতে তার স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে এবং একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, সেজন্য আমরা সবার কাছে দোয়া প্রার্থী।”

পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী রাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে জানান, তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *