
আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক : সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ২৫ জুন ২০২৬ তারিখে পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরার সম্মেলন কক্ষে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব রাশিদ হাসান খান চৌধুরীর মহোদয়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়।
সভাপতিত্ব করেন সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুর রাজ্জাক।
বিদায় অনুষ্ঠানে প্রধান শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, সততা, পেশাদারিত্ব, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিক গুণাবলি ও আদর্শ চরিত্র গঠনে তাঁর নিরলস প্রচেষ্টার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শিক্ষকতার মহান পেশায় তাঁর আত্মনিবেদিত সেবা, প্রজ্ঞা ও স্নেহময় দিকনির্দেশনা বিদ্যালয়ের ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, একজন আদর্শ শিক্ষকের কর্মজীবন অবসরের মাধ্যমে শেষ হয় না; তাঁর জ্ঞান, অভিজ্ঞতা ও মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সমাজকে আলোকিত করে। তিনি বিদায়ী প্রধান শিক্ষকের কর্মনিষ্ঠা, সততা ও মানবিক গুণাবলীর প্রশংসা করে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রীতি উপহার তুলে দেন এবং সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় ভবিষ্যৎ জীবন কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাতক্ষীরা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জনাব মীর রফিউল ইসলাম।
