সাংবাদিকের ওপর হামলা: তুহিনসহ ৩ আসামি কারাগারে

কালিগঞ্জ ফিচার সাতক্ষীরা-জেলা

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জে দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিবেদন ফেরদৌস আহমেদ ও তাঁর স্বজনদের ওপর নৃশংস হামলার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলায় প্রধান অভিযুক্তসহ তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
কালিগঞ্জ থানার মামলা জি.আর. ১৯৯/২৬, সূত্রে জানা যায়, বুধবার ২৮ অক্টোবর মামলার এজাহারভুক্ত তিন আসামি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জেলহাজতে যাওয়া আসামিরা হলেন— জি.এম মনিরুল হক তুহিন, পিতা-শাহাদাত হোসেন, মোঃ শফিকুল সরদার , পিতা-অলি সরদার, এবং ওমর ফারুক , পিতা-জহর গাজী। এরা সকলেই কালিগঞ্জ উপজেলার নিজদেবপুর গ্রামের বাসিন্দা। মামলার অপর আসামিরা এখনও পলাতক রয়েছে বলে জানাযায়।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার চিহ্নিত মাদক চোরাকারবারী ও অপরাধ চক্রের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশ করায় গত ২১ আগস্ট ২০২৬ তারিখ রাতে কালিগঞ্জ উপজেলার মহেশকুড় এলাকায় সাংবাদিক ফেরদৌস আহমেদ ও তাঁর স্বজনদের ওপর পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালায় আসামিরা। তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণের চেষ্টায় ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে পিটিয়ে সাংবাদিক ফেরদৌসের হাত-পায়ের হাড় ভেঙে দেওয়া হয় । এছাড়া তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্বজনদের পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরবর্তীতে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
আদালতের এই আদেশে সন্তোষ প্রকাশ করে দ্রুত বাকি পলাতক আসামিদের গ্রেফতার এবং এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকবৃন্দ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *