সাতক্ষীরায় সুজনের কমিটি গঠন: পবিত্র মোহন সভাপতি ও সম্পাদক উজ্জল

ফিচার সাতক্ষীরা সদর সাতক্ষীরা-জেলা

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক:  সাতক্ষীরায় সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর উদ্যোগে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক সভা এবং আগামী কার্যবছরের জন্য জেলা কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বিশিষ্ট মানবাধিকার সংগঠক অধ্যক্ষ পবিত্র মোহন দাসকে সভাপতি এবং সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার (২০ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ সভা অনুষ্ঠিত হয়।
সুজন-এর সিনিয়র সদস্য অধ্যক্ষ হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-এর খুলনা বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রনজু। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুজনের বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, সাবেক সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, প্রভাষক ভারতেশ্বরী বিশ্বাস, আরআরএফ (আরা)-এর নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট সেলিনা আক্তার শেলী, রোকনুজ্জামান, সাংবাদিক আহসানুর রহমান রাজিব ও সলুদা বেগম প্রমুখ।
সভায় সুশাসনের পরিবেশ নিশ্চিতকরণ ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে আগামী দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। যার মধ্যে রয়েছে- আগামী দুই মাসের মধ্যে যুবকদের নিয়ে ‘সুজন বন্ধু’র জেলা ও উপজেলা কমিটি গঠন, ডিসেম্বর মাসের মধ্যে জেলার সকল উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ও মতবিনিময় সভা সম্পন্ন করা, নতুন সদস্য সংগ্রহ জোরদার করা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা। এছাড়া প্রতি তিন মাস অন্তর স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক, সংবাদ সম্মেলন, মানববন্ধন কর্মসূচি পালন এবং আগামী ১১ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নকর্মীদের সমন্বয়ে ৭১ সদস্য বিশিষ্ট ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ এর সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, অধ্যক্ষ আশেক-ই-এলাহী এবং নারী নেত্রী ফরিদা আক্তার বিউটিকে উপদেষ্টা মনোনীত করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে সাতক্ষীরা জেলায় সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *