
আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: শ্রাবণের নিঝুম বিকেলেই একসময় মুখরিত থাকত বাংলার প্রান্তর। সবুজ দুর্বাঘাস দলিত করে ছুটত কিশোর-যুবকদের প্রাণবন্ত ফুটবল। কিন্তু কালের আবর্তে বদলে গেছে ছবিটা। দখল হয়ে যাওয়া খেলার মাঠ কিংবা ডিজিটাল পর্দার অনলাইন জুয়ার মোহে হারিয়ে যেতে বসেছে মাঠের সেই চিরায়ত উদ্দীপনা ও বিনোদনের সরস আবহ। খোলা মাঠ আর খেলোয়াড়ের এই খরার দিনেই সাতক্ষীরার বুকে আবার ফিরে এল সেই চেনা উৎসবের হাওয়া। শ্রাবণের অঝোর ধারাকে তুচ্ছ করে, ক্রীড়ামোদী হাজারো মানুষের উপচে পড়া আবেগকে সঙ্গে নিয়ে সোমবারে পর্দা উঠল ‘জেলা প্রশাসক ফুটবল কাপ টুর্নামেন্ট-২০২৬’-এর।
সোমবার সকাল থেকেই সাতক্ষীরাজুড়ে নেমেছিল মুষলধারার বর্ষণ। কিন্তু শ্রাবণের এই জলধারায় একটুও ভাটা পড়েনি ফুটবলপ্রেমী মানুষের উচ্ছ্বাসে। কেউ ছাতা মাথায় দিয়ে, আবার কেউ সরাসরি ভিজেÑজেলা স্টেডিয়ামের গ্যালারি আর মাঠের চারপাশ কানায় কানায় ভরিয়ে তোলেন দর্শকেরা। দীর্ঘ প্রতীক্ষার পর জেলা পর্যায়ে এমন বর্ণিল টুর্নামেন্টকে ঘিরে পুরো সাতক্ষীরা যেন এক মিলনমেলায় পরিণত হয়।
বিকেল ৪টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরাজ্জামান মনি, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কণক, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী চিকিৎসক আবুল কালাম বাবলা এবং সাবেক ফিফা রেফারি তৌয়েব হাসান শামসুজ্জামানসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
মাঠের লড়াইয়ে উদ্বোধনী দিনেই মুখোমুখি হয় শ্যামনগর উপজেলা একাদশ ও কলারোয়া উপজেলা একাদশ। ঘাসের ওপর বৃষ্টির পানি আর কাদার তোয়াক্কা না করে দুই দলের ফুটবলারেরাই উপহার দেন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে কলারোয়া উপজেলা দলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে শ্যামনগর উপজেলা একাদশ।
উদ্বোধনী পর্বের প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন উল্লেখ করেন, সুস্থ ও সতেজ জাতি গঠনের মূল শক্তি লুকিয়ে রয়েছে খেলাধুলার আনন্দময় আবহেই। সাতক্ষীরার উর্বর পলিমাটি বরাবরই জাতীয় স্তরের বিশিষ্ট অ্যাথলেট ও ফুটবলার উপহার দিয়েছে। তরুণ প্রজন্মকে পথভ্রষ্টতা, মাদকের ছোবল ও ভার্চ্যুয়াল জগতের বন্দিশালা থেকে মুক্ত করে সবুজ মাঠে ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। ‘মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ’ স্লোগানকে পাথেয় করে এই আয়োজন নতুন প্রতিভা বিকাশের পথ খুলে দেবে বলেই আশা প্রকাশ করেন তিনি।
জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল ফেডারেশনের যৌথ আয়োজনে এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে। আগামী ১৮ আগস্ট সাতক্ষীরা পৌরসভা ও কালীগঞ্জ উপজেলা, ১৯ আগস্ট সাতক্ষীরা সদর ও তালা উপজেলা এবং ২০ আগস্ট দেবহাটা ও আশাশুনি উপজেলা মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়। কোয়ার্টার ফাইনালের সেরা চার দলকে নিয়ে ২২ ও ২৩ আগস্ট সেমিফাইনাল এবং ৩০ আগস্ট বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের জমকালো ফাইনাল।
