
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটা উপজেলার কুলিয়ায় শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ ক্যাম্পেইন ও পট গান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আর্থিক সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা সুশীলন-এর বাস্তবায়নে ইউনিয়নের সুবর্ণবাদ সেন্ট্রাল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় কিশোর-কিশোরী, নারী-পুরুষ, প্রতিবন্ধী ও ধর্মীয় প্রতিনিধিসহ প্রায় ৩৫০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। সচেতনতা বাড়াতে গ্রামীণ ঐতিহ্যের ‘পট গান’-কে মাধ্যম হিসেবে বেছে নেওয়ায় অনুষ্ঠানটি উপস্থিত সকলের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
পট গানের মূল বার্তা, গানের সুরে সুরে শিশুদের স্বাভাবিক বিকাশের অন্তরায়গুলো তুলে ধরা হয়। বিশেষ করে, বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধ। শারীরিক ও মানসিক সহিংসতা এবং পারিবারিক অবহেলার কুফল, বর্তমান সময়ের অন্যতম চ্যালেঞ্জ অনলাইন ঝুঁকি ও সামাজিক সহিংসতা কীভাবে একটি শিশুর ভবিষ্যৎ নষ্ট করে তার চিত্রায়ন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শিশুদের নিরাপত্তাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, “শিশুদের প্রতি সহিংসতা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি সমাজ ও জাতির ভবিষ্যতের ওপর আঘাত। অভিভাবকদের সচেতন ভূমিকা এবং বিদ্যালয়ে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিশুদের কথা মনোযোগ দিয়ে শোনার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন। একজন বক্তা আবেগঘন কণ্ঠে বলেন, “আজকের প্রতিটি শিশু নিরাপদ থাকলে আগামীকালই হবে একটি শক্তিশালী, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ। শিশুর হাসি রক্ষা করা মানেই জাতির ভবিষ্যৎ রক্ষা করা।”
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিধান চন্দ্র সরদার, ইউপি সদস্য ৭ নং ওয়ার্ড, কুলিয়া ইউনিয়নশ্যামলী রানী, ইউপি সদস্যা (সংরক্ষিত আসন), ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড। কুলিয়া ইউনিয়ন দেবহাটা এরিয়া প্রোগ্রাম কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, জ্যোৎস্না বালা। এছাড়া উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন ফ্যাসিলিটেটরগণ, শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিশুদের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়। ভবিষ্যতে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখতে এলাকাবাসী ওয়ার্ল্ড ভিশন ও সুশীলনের প্রতি অনুরোধ জানান।
Leave a Reply