সাতক্ষীরায় নির্বিঘ্ন ভোট নিশ্চিতে পুলিশ সুপারের কেন্দ্র পরিদর্শন


আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সাতক্ষীরায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে জেলা পুলিশ। নির্বাচনের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
পরিদর্শনকালে পুলিশ সুপার ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি এবং ভোটকক্ষগুলোর বিন্যাস পর্যবেক্ষণ করেন। তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং যেকোনো ধরনের উস্কানি বা বিশৃঙ্খলা মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেন।
পেশাদারিত্ব ও নিরপেক্ষতার বার্তা কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, “নির্বাচনকালীন দায়িত্ব পালনে কোনো ধরনের আপস করা হবে না। প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে। ভোটাররা যেন কোনো প্রকার ভয়-ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের প্রধান অঙ্গীকার।”
তিনি আরও জানান, নির্বাচনের দিন জেলার প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার পাশাপাশি জেলা পুলিশের বিশেষ টিম ও গোয়েন্দা নজরদারি জোরদার রাখা হয়েছে।
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মিজ্ আফরোজা আখতার এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৩৭ বীর-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর।
এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মিথুন সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শাহীনুর চৌধুরীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলা পুলিশের এই তৎপরতা সাধারণ ভোটারদের মাঝে স্বস্তি ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *