সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে টাস্কফোর্সের হানা, জরিমানা

ফিচার সাতক্ষীরা সদর সাতক্ষীরা-জেলা

নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরায় জনস্বার্থে স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণ এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহের আইনানুগ কার্যক্রম তদারকির লক্ষ্যে একটি সমন্বিত টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) জেলা প্রশাসনের নেতৃত্বে সদর উপজেলার খুলনা রোড মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে প্রয়োজনীয় নিবন্ধন, ড্রাগ লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও যথাযথ ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা (Clinical Waste Management) প্ল্যান্ট না থাকায় তিনটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানকে মোট ৪৫,০০০ (পঁয়তাল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের এ সমন্বিত অভিযানে ব্যাটালিয়ন আনসার, পুলিশ, পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিভিল সার্জনের প্রতিনিধি এবং প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ অংশ নেন।
​অভিযানকালে ওই এলাকার বিভিন্ন বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের নিবন্ধন, ড্রাগ লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টসহ প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়।
​অভিযান দল আরও বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রচলিত আইন ও বিধিমালা যথাযথভাবে প্রতিপালন, দ্রুত প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ এবং রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে কঠোর নির্দেশনা ও সতর্কতা প্রদান করা হয়।
​জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং চিকিৎসাসেবার মান সুরক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও আইন প্রয়োগমূলক অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *