
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা এলাকায় মৎস্য ঘেরে হামলা করে কুপিয়ে জখম করার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত মোঃ ইউনুস আলী (৪৮) বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে ধুলিহর মাটিয়াডাঙ্গা গ্রামের কেরামত গাজীর পুত্র আবুল কাশেম (৫৩), মিজানুর রহমান ও তার মোঃ আবু সাইদ (২৬), মোসেলউদ্দীনের পুত্র মোঃ খোকন (৪০), ও মোসেলউদ্দীন বেগ (৬৫) সহ ৮ জনের নাম উল্লেখ করে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ৭টার দিকে ইউনুস আলী তার মৎস্য ঘেরে মাছের খাদ্য দিতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা দা, লাঠি ও লোহার রড নিয়ে ঘেরে প্রবেশ করে গালিগালাজ ও হামলা চালায়। এসময় আবুল কাশেমের নির্দেশে অন্যরা তাকে মারধর শুরু করে এবং মোঃ আবু সাইদ ধারালো দা দিয়ে মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন এবং মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
এছাড়া এলোপাতাড়ি মারধরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় এবং মোঃ মিজানুর রহমান তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি সোনার চেইন (আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা) নিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। হামলাকারীরা প্রাণনাশের হুমকিও দিয়েছেন বলে দাবি করেন ভুক্তভোগী।
এ ঘটনায় ইউনুস আলীর পক্ষে তার ভগ্নিপতির মাধ্যমে সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, এজাহার পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply