দেবহাটায় শিশু অধিকার রক্ষায় সচেতনতামূলক ‘পট গান’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধ এবং অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়ায় এক ব্যতিক্রমী ‘পট গান’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন-এর বাস্তবায়নে এই সচেতনতামূলক কার্যক্রমটি পরিচালিত হয়।

শনিবার সকাল ১০টায় কুলিয়ার শশাডাঙ্গা কালী মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা এরিয়া প্রোগ্রামের সিডিও (CDO) জোসনা বালা।

এছাড়াও উপস্থিত ছিলেন সিপিপি (CPP) দেবাশীষ মন্ডল, ফ্যাসিলিটেটর তরুণ মন্ডল, রাকেশ মন্ডল এবং  দীপঙ্কর। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক নারী ও শিশু এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

লোকজ সংস্কৃতির প্রাচীন ও জনপ্রিয় মাধ্যম ‘পট গান’-এর মধ্য দিয়ে শিশু অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুদের সুরক্ষায় সমাজের ও পরিবারের করণীয় তুলে ধরা হয়। পটের গানের সুরে সুরে শিল্পীরা শিশুদের প্রতি সহিংসতা রোধে আইনি বিষয়গুলো অত্যন্ত সহজবোধ্যভাবে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করেন।

আয়োজক সংস্থা সুশীলন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর প্রতিনিধিরা জানান, শিশুদের প্রতি যেকোনো প্রকার শারীরিক ও মানসিক নিগৃহ প্রতিরোধে কমিউনিটির মানুষকে সচেতন করাই এই আয়োজনের মূল লক্ষ্য। বিশেষ করে গ্রামীণ জনপদে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি শিশুার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে এমন প্রচারণা অত্যন্ত কার্যকর।

অনুষ্ঠানে পটের গানের পাশাপাশি ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ার আহ্বান জানানো হয়। সাধারণ মানুষ যেন যেকোনো শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে পারে, সেই লক্ষ্যে বিভিন্ন সরকারি জরুরি নম্বর ও আইনি সহায়তার তথ্যও বিনিময় করা হয়। উপস্থিত দর্শকরা লোকজ ঐতিহ্যের মাধ্যমে এমন গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *