নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে শিশুশ্রম নির্মূলের লক্ষ্যে এক বিশেষ ডাটা শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুশীলন’-এর বাস্তবায়নে সোমবার (২০ এপ্রিল) সকালে কুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘ইউনিয়ন ভিত্তিক শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ডিজিটাল পদ্ধতিতে ইউনিয়ন পর্যায়ের শিশুশ্রমের সঠিক পরিসংখ্যান নিরূপণ এবং সেই তথ্যসমূহ আধুনিক ডাটাবেজে সংরক্ষণের মাধ্যমে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
সভায় শিক্ষা ও স্থানীয় প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুর রহমান, কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল এবং ইউনিয়ন সচিব ফারুক হোসেন। এছাড়া শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আনছার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেব্রত ঘোষ।
জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফতেমা খাতুন, শ্যামলী রাণী, শিরিনা রসুল এবং প্রেম কুমার। মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে উপস্থিত ছিলেন সিডিও জ্যোসনা বালা, ইউনিয়ন ফ্যাসিলেটেটর সাইফুল ইসলাম, রুমানা খাতুন এবং মারুফা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি যা শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে প্রধান অন্তরায়। অনেক ক্ষেত্রে সঠিক তথ্যের অভাবে শিশুশ্রম নিরসন কার্যক্রম ব্যাহত হয়। আধুনিক প্রযুক্তির ব্যবহারে ইউনিয়ন ভিত্তিক ডাটাবেজ তৈরি করা হলে কোন শিশু ঝুঁকিপূর্ণ শ্রমের সাথে জড়িত, তার সঠিক চিত্র পাওয়া যাবে। এতে করে সরকারি ও বেসরকারি পর্যায়ে সহায়তা পৌঁছানো এবং শিশুদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনা সহজ হবে।
উপস্থিত ইউপি সদস্য ও শিক্ষকবৃন্দ এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং তৃণমূল পর্যায়ে তথ্য সংগ্রহে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। আধুনিক ডাটা শেয়ারিং প্রক্রিয়ার মাধ্যমে কুলিয়া ইউনিয়নকে দ্রুততম সময়ের মধ্যে শিশুশ্রম মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।