সাতক্ষীরায় ৪৯ দিনে শিশু রোগে আক্রান্ত ১,০৯০, হাসপাতালে শয্যা সংকট

ফিচার সাতক্ষীরা সদর সাতক্ষীরা-জেলা

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: হঠাৎ শীতের প্রকোপ বাড়তে শুরু করায় সাতক্ষীরায় শিশুদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার সংক্রমণ বাড়ছে। গত ৪৯ দিনে জেলার তিনটি হাসপাতালে এসব রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৯০ শিশু। রোগীর চাপ বাড়লেও বিশেষ করে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখা দিয়েছে তীব্র শয্যা ও চিকিৎসক সংকট। জায়গার অভাবে অনেক শিশুকে হাসপাতালের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত ৬৪৩ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় ২৪৭ এবং ডায়রিয়ায় ৪৯৬ শিশু আক্রান্ত। একই সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৩ শিশু। এর মধ্যে নিউমোনিয়ায় ১০৮ এবং ডায়রিয়ায় ৭৫ শিশু। এ ছাড়া সাতক্ষীরার একমাত্র বেসরকারি শিশু হাসপাতালে একই সময়ে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত ১৬৪ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় ১১৫ এবং ডায়রিয়ায় ৪৯ শিশু আক্রান্ত।
শিশু হাসপাতালের পরিচালক চিকিৎসক আবুল বাসার জানান, ওই সময়ে বহির্বিভাগে এসব রোগে আক্রান্ত আরও ৫ হাজার ৩২০ শিশু চিকিৎসা নিয়েছে। তবে সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেওয়া শিশুদের কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।
হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী, শীতের আকস্মিক পরিবর্তনের সঙ্গে বাড়ছে শিশু রোগীর চাপ। নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
সাতক্ষীরা সদর হাসপাতালে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। শয্যা সংকটের কারণে অনেক শিশুকে ওয়ার্ডের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *