
মোমিনুর রহমান: সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেন বকুল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন সিদ্দিকী বলেন, শিক্ষার মানোন্নয়ন ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে শিক্ষক, অভিভাবক ও এলাকার গুণীজনদের একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার চর্চা বৃদ্ধি করার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. মিজানুর রহমান, ওয়ার্ড সভাপতি রিয়াজুল মোল্লা, শাহিন আলম, উপজেলা জাসাস নেতা মনিরুজ্জামান মনি ও কবির হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষা পরিবেশ আরও ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
