
মোমিনুর রহমান: ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় দেবহাটায় সোনালু বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কোমরপুর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণে বেশি বেশি গাছ লাগাতে হবে। জেলা প্রশাসনের উদ্যোগে এ বছর জেলার প্রতিটি উপজেলায় একটি করে বিশেষ বাগান সৃজন করা হচ্ছে। এর অংশ হিসেবে দেবহাটায় সোনালু গাছের এই বাগান করা হয়েছে, যা ভবিষ্যতে একটি দৃষ্টিনন্দন ভ্রমণস্থলে পরিণত হবে।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন সিদ্দিকী এবং পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল ইসলাম মঈন, সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহামুদ, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা থানার ওসি এইচএম শাহিন এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ ও আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কোমরপুর কুমড়াখালি খালের ওপর নির্মিত আয়রন ব্রিজ পরিদর্শন করেন।
