
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে পূর্ব কুলিয়া ও বালিয়াডাঙ্গা গ্রামকে ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলন-এর আয়োজনে পূর্ব কুলিয়ায় এই ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল, ইউপি সদস্যা ফাতেমা খাতুন, শিরিনা রসুল ও শ্যামলী রানী।
এছাড়াও অনুষ্ঠানে সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যোৎস্না বালা, জুনিয়র প্রোগ্রাম অফিসার আকরম ফারুক, শিক্ষক প্রতিনিধি শাহিনুরসহ ভিডিএস-এর সদস্যবৃন্দ, শিশুর মায়েরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশবান্ধব ও টেকসই গ্রাম গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই ইকো ভিলেজ উদ্যোগ স্থানীয় পরিবেশ রক্ষা ও শিশুদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
