সাতক্ষীরা আদালত প্রাঙ্গনে গড়ে উঠছে দৃষ্টিনন্দন ‘শাপলা চত্বর’

ফিচার সাতক্ষীরা সদর সাতক্ষীরা-জেলা

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক:  সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে দীর্ঘদিনের পরিত্যক্ত জায়গাকে কাজে লাগিয়ে গড়ে তোলা হচ্ছে দৃষ্টিনন্দন ‘শাপলা চত্বর’। আদালত প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি বিচারপ্রার্থী ও দর্শনার্থীদের জন্য একটি মনোরম পরিবেশ তৈরির উদ্যোগ হিসেবে ইতোমধ্যে এর দৃশ্যমান কাজ শুরু হয়েছে।
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম-এর ঐকান্তিক প্রচেষ্টায় পরিত্যক্ত জায়গাটিতে জাতীয় ফুল শাপলার নান্দনিক প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। এর চারপাশে রয়েছে ছোট ছোট শাপলাপাতা ও ফুলের সমন্বয়ে আরও চারটি সৌন্দর্যবর্ধক সেট। পুরো স্থাপনাটি আদালত চত্বরের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে।
সরেজমিনে দেখা যায়, বৃত্তাকার জলাধারের মাঝখানে স্থাপন করা হয়েছে আকর্ষণীয় বৃহৎ শাপলা। চারপাশের জলাধারে রয়েছে শাপলাপাতা ও ফুলের সৌন্দর্যবর্ধক নকশা। ইতোমধ্যে স্থাপনাটি আদালত চত্বরে আগত বিচারপ্রার্থী, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
আদালত সূত্রে জানা যায়, শাপলা চত্বরের সৌন্দর্য আরও বাড়াতে সেখানে দৃষ্টিনন্দন ফোয়ারা নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বিচারপ্রার্থী ও দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য নির্মাণ করা হবে ওয়াকওয়ে। পরিকল্পনা অনুযায়ী অন্যান্য সৌন্দর্যবর্ধক কাজও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার জানান, পরিত্যক্ত জায়গাটিকে নান্দনিক ও ব্যবহারযোগ্য করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্প সময়ের মধ্যেই পরিকল্পনা অনুযায়ী ফোয়ারা, ওয়াকওয়েসহ অন্যান্য সৌন্দর্যবর্ধনের কাজ বাস্তবায়ন করা হবে।
আদালত চত্বরে এমন একটি ব্যতিক্রমী উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, বিচারালয়ের কর্মপরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ‘শাপলা চত্বর’ সাতক্ষীরা আদালত প্রাঙ্গণের একটি নান্দনিক পরিচিতি হয়ে উঠবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *