স্টাফ রিপোটার: ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের নিয়োগ বাতিল, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুককে পুনর্বহাল, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা এবং ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় তৃতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গ্রাহকেরা। সোমিার (৯ জুন) সকাল ১০টার দিকে শহরের ইসলামী ব্যাংকের সাতক্ষীরা শাখার সামনে এ মানববন্ধনের আয়োজন করে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ, সাতক্ষীরা’। মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের প্রবীণ গ্রাহক মাওলানা আব্দুস সবুর। এ সময় বক্তব্য দেন এড আবু তালেব, আব্দুল গফুরসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের স্বকীয়তা ও গ্রাহকদের আস্থা ক্ষুণ্ন হয়েছে। তারা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকস্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি ব্যাংক খাতের অনিয়ম ও অর্থপাচারের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
