
আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: দীর্ঘ ২২ বছর পর খুলনা আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে একটি বিশাল নির্বাচনি জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেবেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর খুলনার মাটিতে এটি হতে যাচ্ছে তারেক রহমানের সরাসরি রাজনৈতিক কর্মসূচি।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, সোমবার সকাল ১০টায় খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে খুলনা বিএনপির শীর্ষ নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় তথ্য সম্পাদক ও খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের প্রার্থী আলি আসগর লবিসহ মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে, খুলনা মহানগর, জেলা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলার বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই সমাবেশকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনি সমাবেশে রূপ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আনুমানিক ৮ লাখ মানুষের উপস্থিতি লক্ষ্য ধরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সমাবেশ সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়া ব্যবস্থাপনাসহ ছয়টি উপকমিটি গঠন করা হয়েছে। ঢাকা থেকে আনা হবে বিশাল মঞ্চ ও আধুনিক সাউন্ড সিস্টেম। ইতোমধ্যে নগরী ও জেলায় মাইকিংসহ প্রচার কার্যক্রম শুরু হয়েছে।
মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, “তারেক রহমানের খুলনা আগমন কেবল একটি নির্বাচনি কর্মসূচি নয়, এটি নেতাকর্মীদের সাহস ও মনোবল ফিরিয়ে আনার মুহূর্ত। ২২ বছর পর প্রিয় নেতাকে নিজ শহরে দেখতে পাওয়া আমাদের জন্য আবেগ ও গর্বের।”
তিনি বলেন, খুলনা ঐতিহাসিকভাবে বিএনপির শক্ত ঘাঁটি। নির্বাচনের প্রাক্কালে এই সফর দলের সাংগঠনিক শক্তি প্রদর্শন ও ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, জনসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে খুলনায় এসেছিলেন তারেক রহমান।
Leave a Reply