সাতক্ষীরা সীমান্ত সিল ৫৭টি চেকপোস্ট ও ৮৭টি অতিরিক্ত টহল, সেনাবাহিনী, পুলিশ, বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা


সদর প্রতিনিধি: খুলনা বিভাগীয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকে গুলির ঘটনায় দুষ্কৃতিকারীদের আটক ও সীমান্ত অতিক্রম রোধে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত সিল করে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসাথে সীমান্ত এলাকায় চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে খুলনা মহানগরীর সোনাডাংগা থানাধীন সোনাডাংগা আবাসিক এলাকার সামনে দিয়ে যাওয়ার সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইং, খুলনা বিভাগের আহ্বায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ মোতালেব সিকদার (৪২)-কে দুর্বৃত্তরা দূর থেকে গুলি করে গুরুতর আহত করে।
ঘটনার পরপরই সংঘটিত এই ঘৃণ্য অপরাধে জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত আটক এবং সীমান্ত দিয়ে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সেনাবাহিনী, পুলিশ, বিজিবির। যশোর রিজিয়নের আওতাধীন সাতক্ষীরা, যশোর, চুয়াডাংগা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকায় নিচ্ছিদ্র নজরদারি ও পাহারা জোরদার করা হয়েছে।
বিজিবি জানায়, যশোর রিজিয়নের অধীন সাতটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মোট ৫৭টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলের সাথে অতিরিক্ত ৮৭টি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে, যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা সীমান্ত অতিক্রম করতে না পারে।
এছাড়াও আইন-শৃঙ্খলা ও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করা হচ্ছে। বিশেষ প্রচার-প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং সন্দেহজনক ব্যক্তি বা তথ্য সম্পর্কে বিজিবিকে সহযোগিতা করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে।
বিজিবি সূত্রে আরও জানানো হয়, দুষ্কৃতিকারীদের আটক না হওয়া পর্যন্ত এই কঠোর নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *