
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় নীতি নির্ধারকদের সাথে শিশুদের অধিকার ও উন্নয়ন বিষয়ক এক ‘শিশু নেতৃত্বাধীন অ্যাডভোকেসি নেটওয়ার্ক’ সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর অর্থায়নে এবং দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলন-এর আয়োজনে বুধবার সকাল ১০ ঘটিকায় কুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভাটি সম্পন্ন হয়।
সভার মূল উদ্দেশ্য শিশুদের নেতৃত্ব বিকাশ, অধিকার রক্ষা এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যায় নীতি নির্ধারকদের সাথে সরাসরি সংলাপের সুযোগ তৈরির লক্ষে এই অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। শিশুরা তাদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিতকরণে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে আলোচনা করে।
উপস্থিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে স্থানীয় নীতি নির্ধারক হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব ফারুক হোসেন, শিক্ষক রবিউল ইসলাম, ইউপি সদস্যা ফতেমা খাতুন, শ্যামলী রাণী, শিরিনা রসুল, ইউপি সদস্য প্রেম কুমার ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, জ্যোৎস্না বালা। এছাড়াও সুশীলনের কর্মকর্তাবৃন্দ এবং শিশু অ্যাডভোকেসি নেটওয়ার্কের সদস্যবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
বক্তব্য ও সিদ্ধান্ত সভায় বক্তারা বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে স্থানীয় সরকারের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ইউপি সচিব ফারুক হোসেন শিশুদের দাবিগুলো গুরুত্বের সাথে শোনার আশ্বাস দেন এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন। নারী সদস্যরা বাল্যবিবাহ রোধ এবং শিশু সুরক্ষায় নিজ নিজ এলাকায় আরও জোরালো ভূমিকা রাখার কথা ব্যক্ত করেন।
Leave a Reply