ইমরান খানের সহযোগীর বাড়িতে অভিযান


আন্তর্জাতিক ডেস্ক: দিনভর নানা নাটকীয়তার পর শনিবার রাতে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোট অনুষ্ঠিত হলো। আর এর মধ্য দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে বিদায় ঘণ্টা বাজলো ইমরান খানের। তিনিই এখন পাকিস্তানের ইতিহাসে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়া প্রথম প্রধানমন্ত্রী।
এদিকে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানো ইমরান খানের এক সহযোগীর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। স্থানীয় সময় রোববার (১০ এপ্রিল) সকালে ইমরান খানের নেতৃত্বাধীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ দাবি করেছে বরে জানিয়েছে জিও নিউজ। পিটিআইয়ের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, ইমরান খানের প্রচার টিমের ফোকাল পারসন আরসালান খালিদের বাড়িতে অভিযান চালানো হয়েছে। তার পরিবারের সব ফোন কেড়ে নেয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দলটি। এর আগে শনিবার (৯ এপ্রিল) রাতে পাকিস্তানের সংসদ অধিবেশনে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। ভোটে ৩৪২ জন সদস্যের মধ্যে ১৭৪ জন সদস্য ইমরান খানের প্রতি অনাস্থা ভোট দেন। এর মাধ্যমে দেশটির ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হলো। একইসঙ্গে পাকিস্তানের নির্বাচিত একজন প্রধানমন্ত্রীও এখন পর্যন্ত মেয়াদ পূর্ণ করতে পারলেন না।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা ভোটের প্রস্তাব নাকচ করে দেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এরপরই ইমরান খানের পরামর্শে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি।
এরপর বিষয়টি পাকিস্তানের সর্বোচ্চ আদালতে যায়। টানা ৫ দিন শুনানির পর বৃহস্পতিবার (৭ এপ্রিল) আদালত অনাস্থা প্রস্তাব খারিজের আদেশ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেন এবং শনিবার সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দেন। সূত্র : জিও নিউজ

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *