
কাজী সোহাগ পাইকগাছা প্রতিনিধি: খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার ওসি শেখ আওয়াল কবির। এ উপলক্ষে তাঁকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অক্টোবর মাসের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার মো. আমির হামজা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শেখ আলমগীর হোসেন ও মো. বাবুল হোসাইন হাওলাদারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার শ্রেষ্ঠ ওসি, মাদক উদ্ধারকারী এসআই ও এএসআই, ওয়ারেন্ট তামিলকারী এসআই ও এএসআই এবং সর্বোচ্চ মামলা রুজুকারী সার্জেন্টকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।