
তালা প্রতিনিধি: পাটকেলঘাটার বিভিন্ন এলাকায় বিপথগামী বখাটেদের উৎপাত দিন দিন বাড়ছে। এতে চরম ভোগান্তি ও উদ্বেগের মধ্যে পড়েছেন অভিভাবকসহ সাধারণ জনগণ। স্থানীয় অধিবাসীরা জানান, পাটকেলঘাটা কালীবাড়ী রোড, হাইস্কুল রোড, কুমিরা মহিলা কলেজের সামনে, তৈলকুপি, সরুলিয়া, কাশিপুর ও যুগিপুকুর বিশ্বাসবাড়ী এলাকায় একদল বখাটে সক্রিয় রয়েছে। তারা চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো নানা অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্যক্ত করা এবং মুঠোফোনে ছবি তোলার অভিযোগ করেছেন অভিভাবকেরা।
এ ছাড়া খলিশখালী ইউনিয়নের এনায়েতপুর, দুধলিয়া, রাঘবকাঠি, চোমরখালি, সাড়াডাঙ্গা, কাশিয়াডাঙা ও ঘোষপাড়ায় গত ছয় মাসে বখাটেদের উৎপাতে ৬৫টি সেচ পাম্প (মোটর) চুরির ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্তরা জানান, স্থানীয় মৎস্য ঘেরগুলো থেকেও মাছ চুরি করছে বখাটেরা। কম দামে চুরি করা মোটর ও মাছ বিক্রি করে বিভিন্ন স্থানে মাদকের আসর বসাচ্ছে তারা। এতে ভয়ে মুখ খুলতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ রয়েছে, যুগিপুকুরিয়া বড় পুকুরে নারীদের গোসলের সময় বখাটেরা উঁকিঝাঁকি দেয়। এ নিয়ে প্রতিবাদ করায় বেশ কয়েকজন নারী শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই এদের দৌরাত্ম্য আরও বেড়ে যায়।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং বখাটেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।