
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে 'অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে' অগ্রগতি শেয়ারিং ও উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা 'সুশীলন'-এর দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে পিএফ এ-০১ স্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউপি সদস্যা ফাতেমা খাতুন, শিরিনা রসুল ও শ্যামলী রানী। এ সময় মাঠপর্যায়ে পুষ্টি কর্মসূচির সার্বিক পর্যবেক্ষণ তুলে ধরেন স্বাস্থ্যকর্মী নূরে আযম।
অনুষ্ঠানে সুশীলন-এর পক্ষ থেকে বক্তব্য রাখেন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন মনিটরিং অফিসার শরিফুজ্জামান, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যোৎস্না বালা এবং জুনিয়র প্রোগ্রাম অফিসার আকরম ফারুক।
সভায় বক্তারা অপোষ্টি দূরীকরণ ও এলাকার শিশুদের পুষ্টিমান উন্নয়নে সুশীলনের গৃহীত পদক্ষেপের সফলতা তুলে ধরেন। পাশাপাশি একটি সম্পূর্ণ অপোষ্টিমুক্ত মডেল ইউনিয়ন গঠনে ভবিষ্যতে পুষ্টিসেবা আরও জোরদার করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। উক্ত অনুষ্ঠানে ভিডিএস (VDS) সদস্যবৃন্দ, সুশীলনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শিশুদের মায়েরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নিজেদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন।