
ন্যাশনাল ডেস্ক: সারা দেশে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যার প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে রাজশাহী ও খুলনা বিভাগে। তবে পরিস্থিতি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম ( বিডব্লিউওটি )।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ( ৩ এপ্রিল) থেকে রাজধানী ঢাকাসহ দেশের ৫ বিভাগে বাড়তে পারে তাপপ্রবাহ। খুলনা ও রাজশাহী বিভাগের পাশাপাশি ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের কিছু জেলায় নতুন করে তাপপ্রবাহ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকাতেও বিচ্ছিন্নভাবে এর প্রভাব দেখা যেতে পারে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, পাবনা, গোপালগঞ্জ ও নড়াইলে তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এছাড়া নাটোর, নওগাঁ, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
বিডব্লিউওটি নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে সরাসরি রোদে না থাকাই ভালো। এ সময় হিটস্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তাই সবাইকে ছায়াযুক্ত স্থানে থাকার পাশাপাশি বেশি করে পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে সংস্থাটি জানিয়েছে, চলমান তাপপ্রবাহ আগামী ৬ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে এর মধ্যে দেশের কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সাময়িকভাবে গরম থেকে স্বস্তি দিতে পারে।