
কলারোয়া প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-১ আসন (তালা ও কলারোয়া) এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। ধানের শীষ প্রতীকে প্রচারণার সূচনা করেন তিনি নিজ পারিবারিক কবর জিয়ারতের মধ্য দিয়ে।
এরপর কলারোয়ার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগে অংশ নেন হাবিবুল ইসলাম হাবিব। সকাল থেকে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
গণসংযোগকালে হাবিবুল ইসলাম হাবিব বলেন, তালা ও কলারোয়া এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য উন্নয়ন থেকে বঞ্চিত। নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষার পরিবেশ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার ওপর জোর দেন তিনি।
তিনি আরও বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন তার অন্যতম লক্ষ্য। পাশাপাশি রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও কৃষি খাতে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়নে তিনি কাজ করবেন। তালা ও কলারোয়ার সার্বিক উন্নয়নে আজীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন বিএনপির এই প্রার্থী।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, ধানের শীষ প্রতীক গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতীক। জনগণের সমর্থন পেলে তিনি এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখবেন। প্রচারণাকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।