
আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজার অনেক আগে থেকেই সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আসতে থাকে মানুষ। হাতে ফুলের স্তবক, কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ সব পথ এসে মিশেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় সাতক্ষীরাবাসী স্মরণ করল ভাষাশহীদদের।
শুক্রবার রাত ১০টা থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ব্যানার নিয়ে আব্দুর রাজ্জাক পার্কে সমবেত হতে থাকে। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় মূল শ্রদ্ধা নিবেদন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনÑমহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিশাল মিছিল নিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানান জাসাস ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।

সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, সড়ক বিভাগ, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও জেলা কারাগার কর্তৃপক্ষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
পেশাজীবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সাতক্ষীরা প্রেসক্লাব, জেলা নাগরিক কমিটি, চেম্বার অব কমার্স, রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা শিল্পকলা একাডেমি শ্রদ্ধা জানায়। এ ছাড়া সাতক্ষীরা জেলা স্কাউটস, সনাক, সুজন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন একুশের চেতনায় শহীদ বেদি আলোকিত করে তোলে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সাতক্ষীরা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, দিবা-নৈশ কলেজ, সিটি কলেজ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্রভাতফেরি ও মিছিলে অংশ নেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
জেলা সদর ছাড়াও তালা, কলারোয়া, আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় একুশের প্রথম প্রহরে অনুরূপ আয়োজনে শহীদদের স্মরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কড়া নজরদারি পালন করেন।
দিবসটি উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কালো ব্যাজ ধারণ করে সর্বস্তরের মানুষ প্রভাতফেরিতে অংশ নিয়ে আবারও প্রমাণ করেছে একুশ মানেই বাঙালির অদম্য মাথা নত না করা চেতনা।