তালা প্রতিনিধি: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট পাটকেলঘাটা বাণিজ্যিক কেন্দ্রের ওভারব্রিজটি এখন সাধারণ মানুষের জন্য এক দুর্ভোগের নাম। ইজিবাইক, মাহিন্দ্রা ও অটোরিকশার বেপরোয়া চলাচল আর যত্রতত্র পার্কিংয়ের কারণে এখানে যানজট এখন স্থায়ী রূপ নিয়েছে। ফলে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা। সরেজমিনে দেখা গেছে, ওভারব্রিজের ওপর ও দুই পাশে এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকে শত শত অটোরিকশা ও মিশুক বাইক। যাত্রী তোলার প্রতিযোগিতায় লিপ্ত চালকরা ট্রাফিক আইনের তোয়াক্কা না করেই মাঝরাস্তায় গাড়ি থামিয়ে দিচ্ছেন। এতে মোটরসাইকেল, বাইসাইকেলসহ অন্যান্য জরুরি যানবাহন চলাচলে বিঘœ ঘটছে এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়দের অভিযোগ, এই চালকদের বড় একটি অংশেরই বৈধ লাইসেন্স নেই। ট্রাফিক নিয়ম সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতার অভাবে তারা যেকোনো স্থান থেকে হুটহাট মোড় নিচ্ছেন, যা দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।
পথচারী জিয়াউর রহমান ও মোমিনুর রহমান ক্ষোভ প্রকাশ করে দেনিক আজকের সাতক্ষীরা দর্পণ এর প্রতিনিধিকে বলেন, “অটোরিকশা ও ইজিবাইক চালকদের বিশৃঙ্খলার কারণে জট লেগে থাকলেও প্রশাসন উল্টো মোটরসাইকেল চালকদের জরিমানা করছে। অথচ যানজটের মূল কারণগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে।” ভুক্তভোগী কলেজ ছাত্র মামুন জানান, মাত্র পাঁচ মিনিটের রাস্তা পার হতে এখন আধা ঘণ্টার বেশি সময় লাগছে। ফলে সঠিক সময়ে কলেজে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ছে। কুমিরা মহিলা কলেজের ছাত্রী চাইনা ও পাটকেলঘাটা কলেজের শিক্ষার্থীদের দাবি, আয়ের সহজ উৎস হওয়ায় বাইরে থেকেও প্রচুর অটোরিকশা এখানে এসে ভিড় জমাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
ভোর থেকে গভীর রাত পর্যন্ত এই যানজট লেগেই থাকে। এই নরকযন্ত্রণার দ্রুত অবসান চেয়েছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল হাসান বলেন, “পাটকেলঘাটা ওভারব্রিজের যানজট নিরসনে আমরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেব। জনদুর্ভোগ কমাতে খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”