
কাজী সোহাগ পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলায় কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ‘নাবার খাল’ পুনঃখনন প্রকল্পের কাজ শুরু হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার কপিলমুনি এলাকায় এই খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের উদ্বোধন করেন বিএডিসির (মনিটরিং) প্রধান মো. আব্দুস ছাত্তার গাজী।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএডিসি খুলনা জোনের সহকারী প্রকৌশলী মো. জাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এবং বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম।
বিএডিসি কর্তৃপক্ষ জানায়, সেচ বিভাগের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সহযোগিতায় এই প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ৩১ লাখ ৩৪ হাজার টাকা। যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সাগর এন্টারপ্রাইজ’ ১ দশমিক ২৬ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করবে। নকশা অনুযায়ী, খালের উপরিভাগের প্রস্থ ১৮ মিটার, তলদেশের প্রস্থ ৭ মিটার এবং গভীরতা হবে আড়াই মিটার।
সংশ্লিষ্টরা আশা করছেন, খনন কাজ শেষ হলে এলাকার কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধির পাশাপাশি জলাবদ্ধতা নিরসন ও মৎস্য চাষে ইতিবাচক প্রভাব পড়বে। অনুষ্ঠানে বিএডিসির উপসহকারী প্রকৌশলী মো. সোহরাব হোসেন ও মো. রবিউল ইসলামসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।