নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় শুরু হয়েছে ‘অ্যাডোলসেন্স হাইজেনিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম’। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ও দেবহাটা এরিয়া প্রোগ্রামের 'সুশীলন'-এর বাস্তবায়নে ' সোমবার সকালে দেবহাটার কুলিয়া ইউনিয়নের একটি কেন্দ্রে 'কমিউনিটি গিফট ইমপ্লিমেন্টেশন FY26' প্রকল্পের আওতায় এই সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়। গতকাল ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচিটি চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামের কিশোরীরা অংশগ্রহণ করে। দিনব্যাপী এই সেশনের উদ্দেশ্য কৈশোরকালীন স্বাস্থ্য: বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন এবং স্বাস্থ্য ঝুঁকি হ্রাস, ব্যক্তিগত পরিচ্ছন্নতা: পিরিয়ডকালীন স্বাস্থ্য সুরক্ষা ও মিনিস্ট্রিয়াল হাইজিন ব্যবস্থাপনা।
নিরাপদ ল্যাট্রিন ব্যবহার: স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার ও জীবাণুমুক্ত থাকার উপায়,পুষ্টি: কিশোরীদের শারীরিক গঠনে সুষম ও পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা।
অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশিপ অফিসার পল্টন বিশ্বাস এবং দেবহাটা এরিয়া প্রোগ্রামের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (CDO) জ্যোৎস্না বালা।
বক্তারা বলেন, "কিশোরীদের সঠিক স্বাস্থ্য সচেতনতা কেবল তাদের ব্যক্তিগত জীবন নয়, বরং একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে মূল ভিত্তি হিসেবে কাজ করে। তৃণমূল পর্যায়ের কিশোরীদের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্য বার্তা ও সুরক্ষা উপকরণ পৌঁছে দিতেই ওয়ার্ল্ড ভিশন ও সুশীলন এই যৌথ উদ্যোগ গ্রহণ করেছে।"এই অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে এই ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সুধীসমাজের প্রতিনিধিরা। তারা মনে করেন, নিয়মিত এমন সেশনের মাধ্যমে কিশোরীরা কুসংস্কারমুক্ত হয়ে বৈজ্ঞানিক উপায়ে নিজেদের যত্ন নিতে শিখবে। উক্ত সচেতনতা সভায় সংশ্লিষ্ট সংস্থার অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।