বিশেষ প্রতিনিধি:: দেবহাটার কুলিয়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গনভোট সম্পর্কে সাধারন মানুষ ও মহিলাদেরকে অবহিত করতে সচেতনতা বৃদ্ধিমূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে, দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় সোমবার ২৬ জানুয়ারী বিকালে পরিষদ চত্ত্বরে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেনের সঞ্চালনায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলকে সচেতন ও নতুন বাংলাদেশ গঠনে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন করেন। অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, ইউপি সদস্যা ফতেমা খাতুন, শ্যামলী রাণী, ইউপি সদস্য আ: হান্নান, ইউপি সদস্য প্রেম কুমার ও ইউপি সদস্য জুয়েল। সমাবেশে ইউএনও মিলন সাহা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক ভোটারকে দুটি করে ব্যালট পেপার দেয়া হবে। একটি ব্যালটে আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দিবেন আর একটি ব্যালটে আপনারা গনভোট অর্থ্যাৎ হ্যাঁ বা না ভোট দিবেন। এই গনভোটের মাধ্যমেই আগামীর রাষ্ট্র কাঠামো মেরামত ও সংশোধন করা হবে। তাই প্রত্যেককে তাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে এই গনভোট প্রদানের জন্য তিনি আহবান জানান। এছাড়া বাল্য বিবাহ প্রতিরোধে সকল মা-সহ পরিবারের সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে ইউএনও বাল্য বিবাহ একটি অভিশাপ উল্লেখ করে সেটা প্রতিরোধ করার আহবান জানান।