
জিএম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা–৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দিনব্যাপী কালিগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন, জনসাধারণের সঙ্গে মতবিনিময় এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন। সকাল ১০টায় তিনি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, চিকিৎসক ও নার্সদের উপস্থিতি এবং অবকাঠামোগত সুবিধা ঘুরে দেখেন। বিভিন্ন ওয়ার্ডে রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসংক্রান্ত খোঁজখবর নেন এবং সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সকাল সাড়ে ১১টায় উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলামের সঙ্গে সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। পরে সাব-রেজিস্ট্রার অফিস পরিদর্শন করে সেবার গতি ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় করেন। এ সময় কালিগঞ্জ উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে নাজিমগঞ্জ বাজারে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। ব্যবসায়ীরা পশ্চিম কালিগঞ্জের সঙ্গে সংযোগ স্থাপনে একটি সেতু নির্মাণ, বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং জলাবদ্ধতা নিরসনের দাবি জানান। সংসদ সদস্য এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। ফুলতলায় যুবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন তিনি। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কালিগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার বলেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবামুখী প্রশাসন নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলাই তাঁর অঙ্গীকার। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, সরকারি সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়। দিনের শেষ কর্মসূচি হিসেবে তিনি কালিগঞ্জ উপজেলার নলতা রওজা শরীফ প্রাঙ্গণে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন এবং বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমির আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, অফিস সেক্রেটারি আফতাব উদ্দিন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. আনোয়ারুল ইসলাম, জামায়াত নেতা মো. সিরাজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ এবং উপজেলার ১২টি ইউনিয়নের আমির ও সেক্রেটারিবৃন্দ। সংসদ সদস্য বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা ও সরকারি সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।