
আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছসহ এক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ। সোমবার দুপুরে কলারোয়া পৌর সদরের যশোর-সাতক্ষীরা সড়কের ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে এসব মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা এবং মাছগুলো বিনষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। দ-িত ব্যবসায়ীর নাম আনারুল ইসলাম। তিনি কলারোয়া উপজেলার ব্রজবক্স গ্রামের মোরশেদ আলীর ছেলে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলামের নেতৃত্বে একটি দল যশোর-সাতক্ষীরা সড়কের তুলশীডাঙ্গা ইউরিকা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় যশোর থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ পাওয়া যায়। পরে ট্রাকসহ মাছ ও ব্যবসায়ীকে আটক করা হয়।
বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জেবুন নাহার। আদালত মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে আনারুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও চাষে নিষিদ্ধ এসব মাছ মাটিতে পুঁতে ধ্বংস করার নির্দেশ দেন।
অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ইউএনও জেবুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত মাছ বাজারজাতকরণ রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।